পাবনার সুজানগরে জাহাঙ্গীর আলম ওরফে জানু (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশরাফ আলীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে সোমবার (২২ আগস্ট) হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে।
এ দিকে নৃশংস এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের খোন্দকার তার পিতা হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে ২৪ জনকে আসামি করে মঙ্গলবার দুপুরে সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর ভবানীপুর গ্রামের মৃত হাসেন খোন্দকারের ছেলে। তিনি গত বছরের অক্টোবর মাসে পুলিশের চাকরি থেকে অবসরে যান।
গ্রেফতারকৃত বাকি চার আসামি হলেন- উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আকরাম হোসেন, খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, আরশেদ আলীর ছেলে নাজমুল হোসেন ও সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের মোকারম হোসেনের ছেলে মনিরুল ইসলাম।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গত ৫ বছর আগের একটি ধর্ষণের ঘটনা ‘৫ বছর আগে তাদের মধ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা হয়েছিল সেই পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করার বিষয়টি নিশ্চিত হয়েছি। ময়নাতদন্ত সম্পন্ন করে গতকালই পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়। সার্বিক দিক বিবেচনা করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ রিমান্ডের আবেদনসহ মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তার ভাই মতিনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের রেললাইনে বসে ছিলেন। এ সময় রেললাইনের দক্ষিণ পাশ থেকে শতাধিক লোকজন প্রকাশ্যে দিবালোকে হাসুয়া, বল্লম, টেঁটা ও চাপাতিসহ অতর্কিত হামলা করে জাহাঙ্গীর আলম নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।